ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরিমানার টাকা না দিয়ে আত্মসাতের অভিযোগে এক পুস্তক প্রকাশকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার মতিঝিল থানায় এ মামলাটি করা হয় বলে ওই থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
দুদকের সহকারী পরিচালক মো. আবু বকর সিদ্দিক বাদি হয়ে করা এই মামলায় ‘পুস্তিকা প্রকাশনী’র মালিক মো. ইকবাল আহমেদকে আসামি করা হয়েছে।
তার বিরুদ্ধে জরিমানার ১১ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৪৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকবাল ২০০০ সালে জাতীয় পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম বোর্ডের সঙ্গে চুক্তি করেন যে ২০০১ সালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৬০ ধরনের বই ছাপিয়ে দেবেন।
“চুক্তিতে তাও ছিল যে ঠিক সময়ে বই ছাপিয়ে না দিতে পারলে জরিমানা দিতে বাধ্য থাকবেন। কিন্তু ইকবাল যথাসময়ে বই ছাপিয়েও দেননি এবং চুক্তি অনুযায়ী জরিমানাও দেননি,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেটি/এমআই/২০০৮ ঘ.
bdnews24