২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ছাত্রদের সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত

বাস ভাড়া নিয়ে বচসার জেরে রোববার ভোলায় কলেজ ছাত্রদের সঙ্গে সংঘর্ষে এক বাস শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ভোলা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাড়া নিয়ে বচসার জেরে রোববার ভোলায় কলেজ ছাত্রদের সঙ্গে সংঘর্ষে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। পুলিশসহ অন্তত অর্ধশত আহত হন। কয়েকটি গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। নিহত বাস শ্রমিক মোমিনের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামে। আহতদের মধ্যে ২৫ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়ন করা হয়েছে। ভোলা সরকারি কলেজের ¯œাতক শ্রেণির ছাত্র জহির, রিয়াজ ও কাইয়ুম জানান, সকালে লালমোহন থেকে বাসে ভোলা সরকারি কলেজের কয়েকজন ছাত্র তালুকদার এক্সপ্রেস’র একটি বাসে ওঠেন। তারা প্রতিদিনের মতো অর্ধেক ভাড়া দিতে চাইলে চালকের সহকারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাস শ্রমিকরা ছাত্রদের মারধর করে। খবরটি কলেজে ছড়িয়ে পড়লে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। জেলা শহরের যোগীর ঘোল, বাসস্ট্যান্ড, কলেজ হোস্টেল, কলেজ ক্যাম্পাস এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। ভোলা থানার ওসি সোহরাব আলী সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত বাস শ্রমিক মোমিনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন তিনি নিজে, কলেজ ছাত্র নীরব, রিয়াজ, শাহেদ, নিজাম, শাহীন, হাবিব, রাশেদ, হান্নান, প্রদীপ, শংকর, আকতার, মোর্শেদ, সোহাগ, জসিম, মারুফ, জহির, কামরুল, তুহিন ও শরীফসহ ২৫ ছাত্র এবং বাস শ্রমিক রুবেল, সুমন, মোমিন, আকবর, বুলেটসহ অন্তত অর্ধশত। কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ভোলা-লালমোহনসহ জেলা অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলেও তিনি জানান। ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, “বাসের ঘটনায় আমরা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মীমাংসা করেছি। শুক্রবারেও তাদের জন্য ২৪ ঘন্টা হাফ ভাড়ার কথা মেনে নিয়েছি। তারপরও ছাত্রদের এ ধরনের ঘটনায় আমরা হতবাক। এদিকে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আখতার বলেন, ছাত্রদের হাফ ভাড়া দেওয়ার প্রচলন সারাদেশে আছে। কিন্তু বাস শ্রমিকদের উত্তেজিত ও অশোভন আচরণে আজ এ অবস্থা। ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শরীফ আহমেদ বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.