বেনাপোল, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত মজুরির দাবিতে বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা আবারো লাগাতার কর্মবিরতি শুরু করেছে। ফলে বন্দরে মালামাল ওঠানামা বন্ধ রয়েছে।
রোববার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দু’টি সংগঠন এই কর্মবিরতি শুরু করে।
সকাল থেকে শ্রমিকরা বন্দরের প্রশাসনিক ভবন ঘেরাও, মিছিল, সভা ও সমাবেশ করে।
শ্রমিক নেতারা বলেন, ২০১০ সালের ২ সেপ্টেম্বর সরকার ন্যূনতম মুজুরি নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে। এতে স্থল বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে আদায় করা লেবার হ্যান্ডলিং চার্জের অর্থ শ্রমিক ও সরকারের মধ্যে ৬৫ অনুপাত ৩৫ হারে বণ্টন করার কথা রয়েছে।
মজুরির এই হার বাস্তবায়নের দাবিতে এর আগে দু’দফা কর্মবিরতি করে শ্রমিকরা। জনপ্রতিনিধিসহ বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে।
বন্দর হ্যান্ডলিং ৯২৫ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আরিফুজামান ভাদু বলেন, “জুনে ন্যায্য মজুরি না পাওয়ায় রোববার থেকে আবার কর্মবিরতি শুরু হয়েছে।”
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আবুল কালাম আযাদ বলেন, “শ্রমিকরা যে দাবি নিয়ে কর্মবিরতির ডাক দিয়েছে তা সম্পূর্ণ বেআইনি।”
তিনি বলেন, বন্দরের সঙ্গে চুক্তি ঠিকাদারদের। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ঠিকাদারদের প্রাপ্য অর্থ দেওয়া হয়।
“শ্রমিকরা ঠিকাদারদের সঙ্গে সমঝোতা না করে বন্দরের বিরুদ্ধে অভিযোগ এনে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন,” বলেন তিনি।
এদিকে, ঠিকাদার প্রতিষ্ঠান খালিদ অ্যান্ড ব্রাদার্সের মালিক ওয়াহিদুজ্জামান অহিদ বলেন, রোববার সকালে বন্দরে তার কার্যালয় ভাংচুর করেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা।
এ সময় তারা গরু ব্যবসায়ী তালিম (৩৫), রফিক (৪০) ও নজরুলকে (৪২) মারধর করে।
তাদের শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24