ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বিজ্ঞাপন প্রকাশ করায় দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম মো. এরফান উল্লাহ এই আদেশ জারি করেন।
মানহানীর অভিযোগে গত ৪ জুন নয়াদিগন্ত, ইত্তেফাক ও সংগ্রাম সম্পাদকসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করেন তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এলিফেন্ট রোড শাখার কর্মকর্তা এ এস এম নজরুল ইসলাম।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়রুল কবীর বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “এ মামলায় রোববার ওই ছয়জনকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। সমন পেয়েও হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”
মামলায় অভিযোগ করা হয়, ওই তিন পত্রিকা গত ১৪ ফেব্রুয়ারি তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নামে একটি বিজ্ঞাপন প্রকাশ করে, যাতে মামলার বাদিকে ধরিয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।
এতে মানহানী হয়েছে দাবি করে নজরুল ইসলাম আর্জিতে বলেন, “এর আগে ওই বীমা প্রতিষ্ঠানের কর্তারা আমার বিরুদ্ধে একটি মিথ্যা ফৌজদারি মামলা করে। ওই মামলার বরাত দিয়েই ধরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/১৭৫০ ঘ.
bdnews24