২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০জন পোশাক শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

গাজীপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০জন পোশাক শ্রমিক আহত হয়েছে। রোববার কালিয়াকৈরের চন্দ্রায় আর এস নিট কম্পোজিট ও ড্রেসমি নামের একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে লাঠিচার্জ করে পুলিশ। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আবুল কালাম আজদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত বৃহস্পতিবার ১৯ জন শ্রমিককে ছাঁটাই করে ওই কারখানা কর্তৃপক্ষ। ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল এবং কারখানার কয়েকজন কর্মকর্তাকে বহিষ্কারের দাবিতে সকাল ৯টা থেকে কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। তিনি জানান, কালিয়াকৈর থানা ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বলে। শ্রমিকরা অবোরধ চালিয়ে গেলে সকাল ১১টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এক শ্রমিক জানান, শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে গত দুই দিন ধরে কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ চলছে। শ্রমিক ছাঁটাইয়ে কথা অস্বীকার করে কারখানার মহা ব্যবস্থাপক আলী আশরাফ জানান, কারখানার নিয়ম শৃংঙ্খলা না মানার অভিযোগে গত ৫ জুলাই ১৯ শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। “শ্রমিকরা নোটিশ গ্রহণ না করে পদত্যাগ করেন।” তিনি বলেন, “পদত্যাগের পর শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বেতন-ভাতা ও আগামী ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে।” এ ঘটনায় কারখানাটি রোববার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬০৬ঘ.