২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মামলায় আগাম জামিন পেলেন মাহফুজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানীর ১০ মামলায় হাই কোর্ট থেকে চার মাসের জামিন পেয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানীর ১০ মামলায় হাই কোর্ট থেকে চার মাসের জামিন পেয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। রোববার তিনি আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও কে এম কামরুল কাদেরের বেঞ্চ তা মঞ্জুর করেন। শুনানিতে মাহফুজের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহায়তা করেন মো. আবু তালেব। রাষ্ট্রপক্ষে ছিলেন এই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ। মো. আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহফুজুর রহমানের বিরুদ্ধে সারা দেশে মোট ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৩টি মামলা প্রত্যাহার হয়েছে। বাকি ১০ মামলায় আদালত তাকে জামিন দিয়েছে। “কক্সবাজার, দিনাজপুর, রংপুর, সিলেট, গোপালগঞ্জ, মানিকগঞ্জ এবং পিরোজপুরে একটি করে এবং চট্টগ্রামে দায়ের করা তিনটি মামলায় তিনি আজ জামিন পেয়েছেন। এ সব মামলার সাতটিতে তার বিরুদ্ধে আদালত সমন দিয়েছে। বাকি তিন মামলা তদন্ত পর্যায়ে রয়েছে।” গত মে মাসে লন্ডনে এক অনুষ্ঠানে এটিএন বাংলা চেয়ারম্যান বলেন, “আরে, প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।” তার ওই বক্তব্য অন্য একটি টেলিভিশনে প্রচার করা হলে মানহানীর অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা হয়। অ্যাডভোকেট আহসানুল হাই কোর্টে শুনানিতে দাবি করেন, “মাহফুজুর রহমান ওই ধরনের কোনো কথা লন্ডনে বলেননি। তার বক্তব্য এডিট করে এটা করা হয়েছে।” আদেশের পর এই আইনজীবী সাংবাদিকদের জানান, বেঞ্চ ১০ মামলায় চার মাসের জন্য মাহফুজুর রহমানকে জামিন দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫২০ ঘ.