২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় এক নারী নিহত

খাগড়াছড়ির আলোটিলা এলাকায় একটি পর্যটন কেন্দ্রের নারী কর্মী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

খাগড়াছড়ি, ৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির আলোটিলা এলাকায় একটি পর্যটন কেন্দ্রের নারী কর্মী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। নিহত আস্থা ত্রিপুরা (৩৪) আলোটিলা পর্যটন এলাকার ইমাং রির্সোটের এক ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, রোববার সকাল নয়টার দিকে ইমাং রিসোটের এক নারী কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটারসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আস্থা ত্রিপুরা। পথে আলোটিলা বিশ নম্বর এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন সন্ত্রাসী দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। আস্থাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, আস্থার মাথায় বেশ কয়েকটি দায়ের কোপের চিহ্ন রয়েছে। সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মালিকানা বিরোধের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ অন্যদিকে, রোববার ভোরে খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদরের নারিকেলবাগান এলাকায় সন্ত্রাসী হামলায় তিন স্কুল ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হলেন পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) দিঘীনালা উচ্চ বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ১০ম শ্রেণীর ছাত্র রুবেল চাকমা (১৬), দিঘীনালা থানা শাখার সদস্য কনক জ্যোতি চাকমা (১৯) ও মেরুং ইউনিয়ন শাখার সভাপতি পলাশ চাকমা (১৮)। দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটো জানান, দু’টি পাহাড়ী সংগঠনের বিরোধের ফলে এ ঘটনা ঘটেছে। আহতরা খাগড়াছড়ির একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন। কনক ও পলাশের উরুতে এবং রুবেলের পায়ের পাতায় গুলি লেগেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪১৩ ঘ.