২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বাসচাপায় ছাত্র নিহত, বিক্ষোভ

ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় বাসচাপায় ঢাকা কমার্স কলেজের এক ছাত্র নিহত হওয়ার পর প্রায় চার ঘণ্টা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় বাসচাপায় ঢাকা কমার্স কলেজের এক ছাত্র নিহত হওয়ার পর প্রায় চার ঘণ্টা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে এলাকাবাসীও এ বিক্ষোভে যোগ দেয়। তারা দুর্ঘটনার জন্য দায়ী বাসটি ছাড়াও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়; ভাংচুর করা হয় অন্তত ২০টি গাড়ি। পল্লবী থানার ওসি আবদুল লতিফ জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে রাস্তা পার হওয়ার সময় বিকল্প পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন কমার্স কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র শাওন হোসেন মনু (২৩)। সঙ্গে সঙ্গে তাকে মিরপুরের আল হেলাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় আজমল হাসপাতালে। আজমল হাসপাতালের চিকিৎসক ডা. ইমরাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে আনার আগেই শাওনের মৃত্যু হয়।” শাওনের মামতো ভাই প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাওনদের বাসা মিরপুর ১০ নম্বরের বেনারশি পল্লীতে। বাবার ইকবাল হোসেন একজন ব্যবসায়ী। শাওন ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। ওসি জানান, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধরা জনতা গুলিস্তানগামী বিকল্প পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয়। ফলে পল্লবী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত বাস চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে ভাংচুর শুরু করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে। এরপর বিকাল ৫টার দিকে গোলচত্বর থেকে মিরপুর ১৪ ও রোকেয়া সরণিতে যান চলাচল স্বাভাবিক হয় বলে মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এলএইচ/কেটি/এমডি/জেকে/১৪৫০ ঘ.