ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার ও র্যাব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন এবং সংবাদ সম্মেলনে তাদের উপস্থাপিত অভিযোগ ‘আন্তজার্তিক ষড়যন্ত্র ও অপপ্রচারের’ অংশ বলে মনে করে সরকার।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ‘প্রতিবাদলিপিতে’ বলা হয়, গত বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে যেসব অভিযোগ আনা হয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পণাপ্রসূত’।
এ কারণে প্রতিবেদনটি এবং সংবাদ সম্মেলনে উপস্থাপিত এইচআরডব্লিউর বক্তব্য প্রত্যাহার করারও আহ্বান জানানো হয়েছে।
“সরকার মনে করে, এ ধরনের অভিযোগ সরকারের বিরুদ্ধে আন্তজার্তিক ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ। সরকার আশা করে যে, ‘হিউম্যান রাইটস ওয়াচ’ তাদের প্রতিবেদন ও বক্তব্য প্রত্যাহার করবে, যাতে জঘন্য ও মর্মান্তিক বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা যায়।”
বিডিআর বিদ্রোহে অভিযুক্তদের ‘গণ বিচার’ প্রক্রিয়ায় ‘গলদ’ রয়েছে দাবি করে তা এখনই স্থগিত করার আহ্বান জানানো হয় এইচআরডব্লিউর ওই প্রতিবেদনে। একইসঙ্গে ব্যাপক বিচার বহির্ভূত হত্যার অভিযোগ থাকা ‘এলিট বাহিনী’ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে দিয়ে একটি নতুন ‘বেসামরিক’ বাহিনী গড়ে তোলার সুপারিশ করা হয়।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের পরের ঘটনাপ্রবাহ নিয়ে এই প্রতিবেদনে বলা হয়, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় ‘নিহত’ হয়েছেন। তাদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে।
ওই সময় আটক প্রায় ৬ হাজার বিডিআর (বর্তমান বিজিবি) সদস্য ন্যায়বিচার পাবেন কি না- তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বৃহস্পতিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী শফিক আহমেদও তাদের প্রতিবেদনকে ‘অসত্য, অগ্রহণযোগ্য, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করে প্রতিবাদ জানান।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘প্রতিবাদলিপিতে’ বলা হয়, “হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে পরিচালিত বিচার কার্যক্রমের সমালোচনা করে মানবাধিকার লঙ্ঘন, স্বীকারোক্তি আদায়ে নির্যাতনসহ বিচারিক কার্যক্রমের বিষয়ে অসত্য ও অমূলক অভিযোগ উত্থাপন করা হয়েছে।
“গত ৩ জুলাই ব্র্যাড অ্যাডামস স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রী তাকে বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম পরিচালনা পদ্ধতির সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। মন্ত্রী জানান যে, দেশের প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সকল ক্ষেত্রে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ, আইনজীবী নিয়োগ ইত্যাদিসহ সকল ধরনের আইনানুগ সুবিধা পাচ্ছেন। কোনো ধরনের নির্যাতনমূলক কার্যক্রম বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে না।”
বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি জওয়ানদের ওপর র্যাবের নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, র্যাব বিডিআর বিদ্রোহ মামলার অনুসন্ধান বা তদন্ত পরিচালনাসহ কোনো পর্যায়েই সম্পৃক্ত নয়। সুতরাং র্যাবের পক্ষে অভিযুক্তদের মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৪১২ ঘ.
bdnews24