পিরোজপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার আটটি সড়কে নসিমন-করিমনসহ লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধে প্রশাসনের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন নেতারা।
ধর্মঘট শুরুর ৫৬ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে এই প্রত্যাহারের ঘোষণা দেন জেলার বাস ও মিনিবাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা।
১০ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের শুরু করে বাস মালিক ও শ্রমিকরা।
সড়কে নসিমন-করিমনসহ লাইসেন্সবিহীন যান চলাচল বন্ধের দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলাতেও বাস ধর্মঘট পালিত হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বৈঠকে আটটি সড়কে লাইসেন্স বিহীন অবৈধ যান চলাচল বন্ধে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সমঝোতা হয়েছে।
তিনি বলেন, “আগামী তিন মাসের মধ্যে জেলায় আর কোনো পরিবহন ধর্মঘট ডাকবে না বলে আন্দোলকারীরা প্রতিশ্রুতি দিয়েছে।”
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু এবং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আ. হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এ বৈঠকে তাদের ১০ দফা দাবি জেলা প্রশাসক মেনে নেন।
সিদ্ধান্তগুলো হচ্ছে-পিরোজপুরের আঞ্চলিক আটটি সড়কে নছিমন, করিমনসহ অবৈধ লাইসেন্সবিহীন যান চলাচল করতে পারবে না।
সড়কগুলো হচ্ছে- পিরোজপুর-নাজিরপুর, পিরোজপুর-কাউখালী, পিরোজপুর-ভান্ডারিয়া, পিরোজপুর-মঠবাড়িয়া, পিরোজপুর-সদর, পিরোজপুর-জিয়ানগর, পিরোজপুর-আমূয়া ও পিরোজপুর-কাঠালিয়া সড়ক।
তবে পৌর এলাকায় ইঞ্জিন চালিত ভটভটি, নছিমন ও অটোবাইক চলাচালের ওপর কোনো বিধি নিষেধাজ্ঞা নেই বলে জানান তিনি।
এই সিদ্ধান্ত কার্যকরে ভ্রাম্যমাণ আদালত চালু রাখারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান হান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১০ঘ.
bdnews24