২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেয়ারম্যানের নির্দেশে’ চোখ উৎপাটন

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্দেশে এক ব্যক্তির চোখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নোয়াখালী, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্দেশে এক ব্যক্তির চোখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যান মেরাজ পার্টি এই অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার রাতে মদিনা গ্রামের চা দোকানি আকবর হোসেনের চোখ উৎপাটন করা হয়। বুধবার তাকে প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে বিকালে আকবরকে ঢাকা পাঠানো বলে জানান তার মা পারুল বেগম। পারুল বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় ডুবায়র খালের পাশে আকবরের চায়ের দোকান। দোকনদারির পাশাপাশি খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন আকবর। কয়েকদিন আগে চেয়ারম্যানের লোকজন খাল ইজারা নেওয়া হয়েছে দাবি করে আকবরকে মোটা অংকের টোল দিতে বলে। এ নিয়ে আকবরের সঙ্গে চেয়ারম্যানের লোকদের বিরোধ হয়। তিনি অভিযোগ করেন, রাত ৮টার দিকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন আকবরকে দোকান থেকে তুলে বনের মধ্যে নিয়ে যায়। রাতভর নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলে তারা। নোয়াখালী মেডিকেলে কলেজ হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ মনিরুজ্জামান বলেন, আকবরের ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং বাম চোখের অবস্থাও খারাপ। তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মফিজ ও মহিউদ্দিন নামে চেয়ারম্যানের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। নিঝুম দ্বীপের চেয়ারম্যান মেরাজ পার্টি বলেন, তিনি বা তার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫৪ ঘ.