২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে এপিজে কালাম

সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বুধবার সংসদ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বুধবার সংসদ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। বুধবার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেন। ভারতের সাবেক রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এই অঞ্চলের দারিদ্র্য বিমোচনে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বলে প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব বিজন লালদেব সাংবাদিকদের জানিয়েছেন। শেখ হাসিনা দারিদ্র্যকে দক্ষিণ এশিয়া অঞ্চলের অভিন্ন সমস্যা হিসাবে উল্লেখ করে তা নিরসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর জোর দেন। মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময়ে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বেড়েছে। শেখ হাসিনা দ্রুত তিস্তা চুক্তি করার ওপরও গুরুত্বারোপ করেন বলে তার উপপ্রেসসচিব জানান। সিরডাপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা কালাম ‘ডিজিটাল বাংলাদেশ’ এবং ‘ভিশন-২০২১’ এর প্রশংসা করেন। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এই অঞ্চলের মূল লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগেরও প্রশংসা করেন কালাম। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধান হুইপ আব্দুস শহীদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৫০ ঘ.