২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

’৭৫ এ বস্তা আত্মসাতের দায়ে অবশেষে অভিযোগপত্র দাখিল

১৯৭৫ সালে বাকেরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ হাজার চালের খালি বস্তা আত্মসাতে দায়ে এক ঠিকাদারের বিরুদ্ধে অবশেষে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 08:16 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

বরিশাল, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৫ সালে বাকেরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ হাজার চালের খালি বস্তা আত্মসাতে দায়ে এক ঠিকাদারের বিরুদ্ধে অবশেষে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। বুধবার সকালে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ী হারুন-অর-রশিদ নগরীর ৪নং ওয়ার্ডের উলাল ঘূনী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। অভিযোগপত্র সুত্রে জানা গেছে, ১৯৭৫ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন বাকেরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চুক্তি ভিত্তিক পরিবহন ঠিকাদার হিসেবে হারুন-অর-রশিদকে ১৫ হাজার খালি বস্তা পিরোজপুরের শ্রীরামকাঠী গুদামে জমা দেওয়ার জন্য পাঠানো হয়। শ্রীরামকাঠী গুদামে জায়গা না থাকার কারণে সেখান থেকে তাকে ভা-ারিয়া উপজেলা খাদ্য গুদামে জমা দেওয়ার জন্য পাঠায়। কিন্তু ঠিকাদার হারুন ওই গুদামে পাঁচ হাজার বস্তা জমা দেন এবং বাকী ১০ হাজার বস্তা আত্মসাৎ করেন। আত্মসাৎ করা ১০ হাজার বস্তার তৎকালীন বাজার মুল্য ছিল এক লাখ ১৫ হাজার টাকা। এই বস্তা আত্মসাতের অভিযোগে ২০০০ সালের ২৫ এপ্রিল কোতয়ালী থানায় মামলা করেন তৎকালীন জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ও বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল হোসেন। অভিযোগপত্রে হারুনের মালামাল জব্দ করার ও তাকে গ্রেপ্তার করার পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১০ঘ.