২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারে আমি চোখে দেখিনি...

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে অনেক মানুষের ভিড়। এরা সবাই মর্গে এসেছেন পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীর লাশ দেখতে, যাকে সবাই চেনে ‘ডাকাত শহীদ’ নামে। কামাল হোসেন তালুকদারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিদেক ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে অনেক মানুষের ভিড়। নানা বয়সী এই উৎসুক জনতার অনেকেই এসেছেন নিছক কৌতুহলে; তবে কেউ কেউ আছেন- যারা ডাকাতি বা চাঁদাবাজির শিকার, ভুক্তভোগী। এরা সবাই মর্গে এসেছেন পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীর লাশ দেখতে, যাকে সবাই চেনে ‘ডাকাত শহীদ’ নামে। যদিও জীবিত অবস্থায় তাকে নিজে চোখে দেখেছেন- এমন কাউকে খুঁজে পাওয়া গেল না ভিড়ের মধ্যে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় র‌্যাবের এক অভিযানে নিহত হন শহীদুল ইসলাম শহীদ ও তার সহযোগী কালাম ওরফে কালু। আনুমানিক ৪২ বছর বয়সী শহীদের বিরুদ্ধে বিএনপি নেতা হাবিবুর রহমান মণ্ডল, ছাত্রদল নেতা ছগির আহমেদ, যুবলীগ নেতা শিমুল, কমিশনার আহাম্মদ হোসেন এবং স্বর্ণব্যবসায়ী প্রেমকৃষ্ণ হত্যাকাণ্ডসহ দুই ডজন হত্যা মামলা রয়েছে যাত্রাবাড়ী, শ্যামপুর ও কোতোয়ালী থানায়। পুরান ঢাকার এক কাপড় ব্যবসায়ী, যার বয়স ৬০ বছর, নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৮ সালে মুন্সিগঞ্জের থেকে ঢাকায় এসে পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েম করে শহীদ। “তাকে চাঁদা দেয়নি এমন বড় ব্যবসায়ী পুরান ঢাকায় খুঁজে পাওয়া যাবে না। তবে ডাকাত শহীদ ছোট ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইত না।” এই ব্যবসায়ী বলেন, সর্বশেষ ২০০৫ সালে ধলপুর এলাকায় শহীদকে দেখা গিয়েছিল বলে শোনা যায়। তবে তিনি নিজে চোখে কখনও শহীদকে দেখেননি। শহীদুল ইসলাম শহীদের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরের ছালামতি গ্রামে। বাবা শামসুল হক ভূঁইয়া ছিলেন কৃষক। কথিত আছে, ১৬/১৭ বছর বয়সেই মুন্সীগঞ্জের বিভিন্ন নদীতে ট্রলার ও লঞ্চ ডাকাতি শুরু করেন শহীদ। তখন থেকেই তার নাম হয় ‘ডাকাত শহীদ’। পরে ঢাকায় এসে নিজস্ব বাহিনী গড়ে তোলে সে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাত শহীদ কুখ্যাত হয়ে ওঠার পর পুলিশের হাতে আর ধরা পড়েনি। তবে আগে গোয়েন্দা পুলিশের দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের কাছে শুনেছি, অনেক আগে একবার সে আটক হয়েছিল।” মর্গে আসা ব্যবসায়ীরা বলেন, এই দুধর্ষ সন্ত্রাসীর নাম শোনেনি এমন লোক ঢাকায় খুঁজে পাওয়া ভার। বিশেষ করে পুরান ঢাকার ব্যবসায়ীদের জন্য ‘ডাকাত শহীদ’ ছিল এক আতঙ্কের নাম। পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ ভারত হয়ে দেশে ফেরে শহীদ। এর আগে নেপাল ও শ্রীলংকাতেও তার অবস্থানের কথা শোনা যায়। আত্মগোপনে থেকেও সহযোগীদের দিয়ে টেলিফোনের মাধ্যমে দেশে নিয়মিত চাঁদাবাজী চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে শহীদের বিরুদ্ধে। মিটফোর্ড এলাকার ব্যবসায়ী মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেবল চাঁদাবাজী নয়, রাজনৈতিক অনেক হত্যার সঙ্গেই ডাকাত শহীদ জড়িত ছিল।” “এই সন্ত্রাসাীর মৃত্যুতে পুরান ঢাকার অনেকেই খুশি। অনেক ব্যবসায়ী শুকরিয়া নামাজ পড়বে”, বলেন মজিবুর। পুরান ঢাকার চাল ব্যবসায়ী রনি মর্গ থেকে বেরিয়ে এসে বলেন, “স্যারে, অনেক জ্বালাতন করত।” পুরান ঢাকার এক ভাতের হোটেলের মালিক নাসির উদ্দিন জানান, ‘ছোট ব্যবসায়ী’ হওয়ায় তাকে কখনো শহীদের হুমকিতে পড়তে হয়নি। তবে তার এক আত্মীয়, যার কাগজের ব্যবসা রয়েছে, তার কাছে এক বছর আগে পঞ্চাশ লাখ টাকা দাবি করে শহীদের লোকেরা। “পরে অনেক দেন দরবার করে চাঁদার বিষয়টি নিষ্পত্তি করা হয়”, বলেন নাসির। তবে অন্য অনেকের মতো রনি বা নাসিরও নিজে চোখে কখনো ‘জীবিত’ শহীদকে দেখেননি। র‌্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন পালিয়ে থাকার পর স¤প্রতি দেশে ফেরেন শহীদ। মঙ্গলবার রাতে শহীদ দলবল নিয়ে লক্ষ্মীবাজারে ঢুকবে- এমন খবর পেয়ে র‌্যাব ‘ফাঁদ’ পাতে। রাত সাড়ে ১২টার দিকে শহীদ ও তার সহযোগীরা দুটি মোটরসাইকেলে করে লক্ষ্মীবাজারে ঢোকার সময় র‌্যাবের ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে দুই মোটরসাইকেলের পেছনে বসা শহীদ ও কালু পড়ে যান। তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে শহীদ ও কালু ঘটনাস্থলেই নিহত হন বলে সোহায়েল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২৪০ ঘ.