লন্ডন, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি ড. মুহম্মদ ইউনূস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূস চ্যান্সেলর পদে সাংবাদিক ও রাজনীতিবিদ লর্ড ম্যাকডোনালড অব ট্রেডস্টনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পামেলা গিলিস জানান, চ্যান্সেলর হিসেবে ড. ইউনূস দায়িত্ব নিয়ে সম্মতি জানানোয় তারা গর্ব বোধ করছেন।
গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির কাজে অতীতে নানাভাবে সহযোগিতা করেছেন মুহাম্মদ ইউনূস। ২০১০ সালে এই বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বাংলাদেশে গ্রামীণ-গ্লাসগো ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং প্রতিষ্ঠা করেন তিনি।
একই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয় ‘ইউনূস সেন্টার ফর সোশ্যাল বিজনেস অ্যান্ড হেলথ’, যা মূলত ক্ষুদ্রঋণের অভিজ্ঞতা নিয়ে গবেষণা চালাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/সিএস/০০৩৬ ঘ.
bdnews24