জাবি, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিন, সিনেট, সিন্ডিকেট ও রেজিস্ট্রার্ড প্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের পরই উপাচার্য নির্বাচনের উদ্যোগ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দাবি জানিয়েছে এক দল শিক্ষক।
ওই সব নির্বাচনের আগে উপাচার্য প্যানেল মনোনয়নের তারিখ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করে প্রগতিশীল শিক্ষক সমাজ, শিক্ষক সমিতি ও শিক্ষক সমাজ’র অর্ধশত শিক্ষক সোমবার প্রায় এক ঘণ্টা উপাচার্যের কার্যালয়ে অবস্থান করে।
ওই সময় বেশ হট্টগোলও হয়। এরপর শিক্ষকরা উপাচার্য আনোয়ার হোসেনকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়ে চলে আসেন।
এক মাস আগে নিয়োগ পাওয়া উপাচার্য গত রোববার এক বিজ্ঞপ্তিতে ২০ জুলাই উপাচার্য প্যানেল মনোনয়নের তারিখ নির্ধারণ করে সিনেটের বিশেষ সভা ডেকেছেন।
শিক্ষক সমাজ’র আন্দোলনের মুখে অধ্যাপক শরীফ এনামুল কবির উপচার্যের পদ থেকে সরে দাঁড়ালে ওই পদে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ারকে মনোনয়ন দেয়।
প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি অধ্যাপক হানিফ আলী উপাচার্যকে বলেন, “আপনার চারপাশে যারা আছেন, তাদের সঙ্গে রেখে কোনো নির্বাচন সম্ভব নয়।”
তখন উপাচার্য বলেন, “আমি কোনো কথা বলব না।”
“আমি অনির্বাচিত হিসেবে থাকতে চাই না’- অধ্যাপক আনোয়ার এই কথা বললে অধ্যাপক মোজাম্মেল হক বলেন, “আমরাও নির্বাচন চাই, তবে ডিন, সিনেট, সিন্ডিকেট নির্বাচনের আগে নয়।”
শিক্ষক সমাজের সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, “এতদিন অন্যান্য পর্ষদের নির্বাচনের কথা বললেও হঠাৎ করে উপাচার্য প্যানেল মনোনয়নের বিষয়টি বোধগম্য নয়।”
উপাচার্য তখন ‘স্বপ্নের বিশ্ববিদ্যালয়’ গড়ার কথা বললে শিক্ষকরা বলে ওঠেন, স্বপ্নের কথা বাদ দিয়ে বাস্তবতায় ফিরে আসুন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন বলেন, “নির্বাচন দিতে হলে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।”
শিক্ষকরা জানান, একই দাবিতে তারা মঙ্গলবারও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন।
এদিকে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবীরের অনুসারী হিসেবে পরিচিত শিক্ষকরা দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করে উপাচার্য প্যানেল মনোনয়নে তারিখ নির্ধারণে তাদের সমর্থনের কথা জানান।
ওই দলে থাকা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক হাসিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন যাবত উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি ছিল, সেটি বাস্তবায়ন হতে চলেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৫০ ঘ.
bdnews24