২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলে মানববন্ধনে ছাত্রলীগের বাধা

শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‌্যাগ দেওয়ার প্রতিবাদে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

বরিশাল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‌্যাগ দেওয়ার প্রতিবাদে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে মানববন্ধন কর্মসূচিতে ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অবশ্য ছাত্রলীগ বলেছে, ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হয়েছে। গত মে মাসে কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে মোবাইলে তা ধারণ করে আব্দুল কাইয়ুমসহ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী। পরে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মোবাইল ফোনসহ এসএসসি ও এইচএসসির নম্বরপত্র রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে বহিষ্কার করা হয় ছাত্রলীগ নেতা কাইয়ুমকে। সমাজতান্ত্রিক ছাত্রফন্ট্রের কলেজ শাখার সভাপতি মনীষা চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই র‌্যাগিংয়ের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে করা মানববন্ধনে ছাত্রলীগ বাধা দিয়েছে। এ সময় ছাত্রলীগ কলেজ শাখার আহবায়ক হারুন অর রশিদের নেতৃত্বে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হাবীব রুমন, বিএম কলেজ শাখার সভাপতি রিয়াজুল হক সুমন ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান সৈকতকে মারধর করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ বলেন, বহিরাগতদের নিয়ে ছাত্রফ্রন্ট উশৃংখল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। বরং ছাত্রলীগকে মিছিল করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। কলেজ অধ্যক্ষ মো. শহীদুল আলম বলেন, “তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে ক্যাম্পাসে কোনো মানববন্ধন বা মিছিল করতে না দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।” কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বলেন, পুলিশ ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে ব্যবস্থা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৫৮ ঘ.