ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণার পর এবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে চাকরি জাতীয়করণসহ ১৭ দফা দাবি জানায় বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (জয়নুল)।
সমিতির সভাপতি মুহম্মদ সাখাওয়াত হোসেন লিখিত বক্তেব্যে বলেন, “দেশে মাধ্যমিক স্তরে ৩শ’ ১৭টি সরকারি এবং ১৫ হাজার ৭শ’ ৬৯টি বেসরকারি বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৯৮ শতাংশই বেসরকারি। অথচ আমরা অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত।”
সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে সহকারীর শিক্ষকের বেতন স্কেল সমান, ৮ হাজার টাকা। তবে সরকারি শিক্ষকরা ভাড়ি ভাড়া হিসেবে চার হাজার ২শ’ ২৫ টাকা পেলেও বেসরকারি শিক্ষকদের দেওয়া হয় একশ’ টাকা।
এ ছাড়া চিকিৎসা ভাতা হিসেবে সরকারি শিক্ষকদের ৭শ’ টাকার বিপরীতে বেসরকারিরা পান দেড়শ’ টাকা।
সাখাওয়াত বলেন, “আমরা যে বেতন পাই তা দিয়ে জীবন চলে না। আর বাড়ি ভাড়া, চিকিৎসক ভাতা ও উৎসব ভাতা যা পাই, তা ভদ্র সমাজে বলাই যায় না।”
গত ২৫ জুন সাত দফা সুপারিশ রেখে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের রূপরেখা চূড়ান্ত করা হয়। ওই রূপরেখায় বেসরকারি স্কুলের জাতীয়করণের আওতা, অধিগ্রহণ, শিক্ষকদের পদ বিন্যাস, নিয়োগের শর্ত, পদ তৈরি, বেতন-ভাতার বিষয়ে প্রস্তাব এসেছে।
এর আগে প্রায় দুই দশকের আন্দোলনের পর ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দেন।
বাংলাদেশে দুই লাখের বেশি বেসরকারি মাধ্যমিক শিক্ষক থাকার তথ্য দিয়ে তিনি সংগঠনের মহাসচিব কে জি মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাধ্যমিক স্তরের সরকারি ও বেসরকারি সহকারী শিক্ষকদের স্কেল সমান হলেও আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা হিসেবে যা দেওয়া হয় তা খুবই নগন্য।“
এর বাইরে টাইম স্কেলের বিষয়েও বৈষম্য রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূঞাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯২৯ ঘ.
bdnews24