বান্দরবান, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের থানচি উপজেলার সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ১২ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি-১০ বলিপাড়া ব্যাটালিয়নের হাবিলদার সহকারী দেলোয়ার হোসেন জানান, রোববার গভীর রাতে থানচি উপজেলার মিয়ানমার সীমান্তের কাছে বড় মদ এলাকা থেকে ওই ১২ জনকে আটক করা হয়।
তাদের বিজিবি কার্যালয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সদর থেকে ৬-৭ কিলোমিটার উত্তর-পূর্বে হানারামপাড়া এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
দেলোয়ার হোসেন জানান, থানচির হানারামপাড়া এলাকায় পাহাড়ে কিছু লোক অবস্থান করছে খবর পেয়ে বিজিবি ১০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নুরুল আমিনের নেতৃত্বে রোববার রাতে সেখানে অভিযান চালানো হয়।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি দেশীয় পিস্তল ও বন্দুক।
সোমবার দুপুরে সেগুলো থানচি থানায় জমা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৪৭ ঘ.
bdnews24