২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা: সিলেটে উন্নতি, অবনতি উত্তরে

সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও পরিস্থিতির অবনতি হয়েছে। এ সমস্ত এলাকার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও পরিস্থিতির অবনতি হয়েছে। এ সমস্ত এলাকার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দি। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা হ্রাস পেতে পারে। নদ-নদীগুলোর ৭৩টি পয়েন্টের মধ্যে ৩২টি পয়েন্টে পানি বেড়েছে, কমেছে ৩৬টিতে। ১৩টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। তবে মেঘনা নদীর উজানে পানি কমছে যা আগামী ৪৮ ঘণ্টায় আরো কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। সর্বশেষ তথ্য অনুযায়ী, যমুনা নদীর পানি সিরাজগঞ্জে ১৮ সেন্টিমিটার ও বাহাদুরাবাদে ৫ সেমি বেড়ে বিপদসীমার যথাক্রমে ৪৮ সেমি ও ১০৬ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বহ্মপুত্র নদীর পানি চিলমারীতে ৪ সেমি ও ঘাগট নদীর পানি গাইবান্ধায় ১ সেমি বেড়ে যথাক্রমে বিপদসীমার ৪৩ সেমি ও ৬৪ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট, সিলেট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৯৯, ২৯ ও ২২ সেমি ওপর দিয়ে বইছে। অমলসিদ, শেওলা ও শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৪৬, ৪০ ও ১২ সেমি ওপর দিয়ে এবং কংশ নদীর পানি জারিয়াজানজাইল পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১১ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় এসব পয়েন্টে পানি নানা মাত্রায় কমেছে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়। এছাড়া নুনখাওয়া পয়েন্টে বহ্মপুত্র নদের পানি গত ২৪ ঘন্টায় অপরিবর্তিত অবস্থায় বিপদসীমার ৩৫ সেমি উপর দিয়ে বইছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- সিরাজগঞ্জ: বন্যায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, উল্লাপাড়া এবং তাড়াশ উপজেলার ৪১ টি ইউনিয়নের ৩৫ হাজার ৮শ পরিবারের ১ লাখ ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে। পানিতে তলিয়ে গেছে ২ হাজার ৯৮১ হেক্টর জমির ফসলী জমি। সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, বন্যা দুর্গতের জন্য ৪৬৭ মেট্রিক টন চাল এবং ১১ লাখ ১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় চাল এবং নগদ টাকা দেওয়া হচ্ছে। কুড়িগ্রাম: পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, রাজিবপুর উপজেলার মুন্সিপাড়ায়, উলিপুরের হাতিয়ায় ও নাগেশ্বরীর নুনখাওয়া কালিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে আশপাশের আরো ৪০টি গ্রাম নতুন করে প্লাাবিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ৯ উপজেলার ৭২টি ইউনিয়নের ৫৮টিই বন্যা কবলিত হয়ে ৬৫ হাজার পরিবারের ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বানভাসী মানুষগুলো ৮টি আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন। বগুড়া: বগুড়া ধুনটের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গন বৃদ্ধি পেয়ে একশ’ মিটার দাঁড়িয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় কয়াগাড়ী গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ২০মিটার ভেঙে যায়। রোববার পর্যন্ত ওই বাঁধ আরো ৮০ মিটার ভেঙে গেছে বলে জানা গেছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁধ নিয়ন্ত্রণে ভাঙনস্থলে জিও ব্যাগ ফেলা হচ্ছে। বিকেল নাগাদ ভাঙন দিয়ে পানির প্রবেশ রোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি জানান, ভাঙনের ফলে গোসাইবাড়ী ও ভা-ারবাড়ী ইউনিয়নের ২২টি গ্রামে পানি ঢুকে পড়েছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে বন্যা কবলিত মানুষের জন্য ২০ মে. টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২১২ ঘ.