২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: মন্ত্রীর ভাইয়ের নাম বাদ দেওয়ায় বিক্ষোভ

এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে মেয়র লোকমান হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

নরসিংদী, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে মেয়র লোকমান হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে পৌরসভা চত্বর থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাড়ে ৬টায় নিহত লোকমানের বাড়িতে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার জনতা অংশ নেন। পরে লোকমানের বাড়িতে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া এজাহারভুক্ত আসামিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মামুনুর রশিদ মন্ডল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ভাইসহ এজাহারভুক্ত ১১ আসামির নাম বাদ দিয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যাতে এজাহারভুক্ত তিন জনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে লোকমানের ছোট ভাই নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান, জেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহ আলম, নরসিংদী সরকারি কলেজের ভিপি শামীম নেওয়াজ, মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ভূইয়া প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৬ ঘ.