২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণের অপরাধে স্টিল মিলকে জরিমানা

কালো ধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণ করার অপরাধে নগরীর নাসিরাবাদ এলাকায় একটি স্টিল মিলকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালো ধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণ করার অপরাধে নগরীর নাসিরাবাদ এলাকায় একটি স্টিল মিলকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ভূইয়া নাসিরাবাদ শিল্প এলাকার বেনজ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ নামক প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন। গোলাম মোহাম্মদ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার নাসিরাবাদ শিল্প এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে কালো ধোঁয়া নির্গত করে বায়ু দূষণ করতে দেখা যায়। রোববার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে প্রতিষ্ঠান তিনটির প্রতিনিধিকে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়। পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা এবং কালো ধোঁয়া নির্গত করায় বেনজ ইন্ডাস্ট্রিজকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয় উল্লেখ করে গোলাম মোহাম্মদ ভূইয়া বলেন, তিনদিনের মধ্যে জরিমানার টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ধোঁয়া নির্গমনের যথাযথ ব্যবস্থা গ্রহণসহ দূষণ রোধে আধুনিক প্রযুক্তি দিয়ে পরিবেশবান্ধবভাবে কারখানা চালানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া অন্য দুটি কারখানাকে সতর্ক করে দেওয়া হয় বলে জানান গোলাম মোহাম্মদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৩৩ ঘ.