নারায়ণগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন কারখানার জন্য নারায়ণগঞ্জে জমি অধিগ্রহণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্তরা।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন জমির মালিকরা।
অন্যদিকে দুপুর আড়াইটায় সেখানেই পাল্টা সংবাদ সম্মেলন করেন সাংসদের মালিকানাধীন গাজী অটো টায়ার্সের কর্মকর্তারা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য প্রায় পাঁচ একর কৃষি জমি অধিগ্রহণের নোটিস দেয় জেলা প্রশাসন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলহাস আলী ভূঁইয়া। অন্যদের মধ্যে অধিগ্রহণের নোটিস পাওয়া জমির মালিক আব্দুল বারী, ইলিয়াস আলী, আব্দুর রহমান, আমজাদ আলী ভূইয়া, সামছুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ খাদুন এলাকায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন বন্ধ থাকা গাজী অটো টায়ার্স নামের প্রতিষ্ঠানের জন্য প্রায় পাঁচ একর বসত বাড়ি ও কৃষি জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসন থেকে গত ৩ জুন নোটিস দেওয়া হয়েছে।
এই সম্পত্তির ওপর নির্ভরশীলতার কথা উল্লেখ করে তারা জানান, সাংসদ গাজী গোলাম দস্তগীরের তারাবো পৌরসভাতে এক হাজার বিঘার ওপর জমি রয়েছে। তা সত্ত্বেও আমাদের জমি অধিগ্রহণের নামে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখলের নোটিস দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নোটিস দেওয়ার আগে কোনো শুনানি হয়নি বলেও জানান তারা।
পরে তারা জমি অধিগ্রহণ প্রতিরোধে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে গাজী অটো টায়ারের ব্যবস্থাপক (ভূমি) মহিউদ্দিন মিয়া, ব্যবস্থাপক (প্রশাসন) এহসানুল হক ও সহকারী ব্যবস্থাপক আলফাজউদ্দিন উপস্থিত ছিলেন।
তারা বলেন, দেশে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের টায়ার তৈরির জন্য গাজী গ্রুপ ২০০১ সালে খাদুন মৌজায় ১১ বিঘা জমি কিনে গাজী অটো টায়ার ইন্ডাস্ট্রিজ করার পরিকল্পনা নেয়। এ জন্য স্থানীয় ভূমি মালিকদের কাছ থেকে জমি কেনাও শুরু হয়।
প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৪০ বিঘা জমি কিনলেও স্থানীয় লোকজনের অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দ কমিটির কাছে আবেদন করা হলে তারা পাঁচ একর জমি অধিগ্রহণের অনুমতি দেয়।
মহিউদ্দিন বলেন, “আমরা কারো জমি জবর দখল করিনি। যাদের জমি অধিগ্রহণ করা হবে তাদের প্রত্যেককে পাঁচ শতাংশ করে জমি দেওয়া হবে এবং প্রত্যেক পরিবারের একজন সদস্যকে প্রস্তাবিত কারখানায় চাকরি দেওয়া হবে।”
জমি অধিগ্রহণে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩০/৩৫ জনকে নোটিস দেওয়া হয়েছে।
নোটিস প্রসঙ্গে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন অনুযায়ী অধিগ্রহণ করা হচ্ছে। কারো আপত্তি থাকলে জেলা প্রশাসকের কার্যালয়ে আপত্তি দাখিল করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৪৩ ঘ.
bdnews24