ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর থামিয়ে পুলিশের ‘চাঁদা নেওয়ার’ সময় মালবাহী একটি ট্রাকের ধাক্কায় ওই ট্রাক্টর চালকের নিহত হওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনার এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার শাহ আলম বকাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন, “ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত শেষে শিগগির প্রতিবেদন দেওয়া হবে।”
শনিবার চাঁদাবাজির ঘটনায় সরাইলের শাহবাজপুর পুলিশ ফাঁড়ির ১৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।
শনিবার শাহবাজপুর ফাঁড়ির কনস্টেবল নাজমুল একটি ট্রাক্টর থামালে পেছন থেকে ট্রাক ওই ট্রাক্টরটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাক্টর চালক নূর মোহাম্মদের মৃত্যু হয়।
চাঁদা নেওয়ার জন্য ওই ট্রাক্টর থামানো হয়েছিল অভিযোগ তুলে স্থানীয়রা ফাঁড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
এ ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে ফাঁড়ির সব সদস্যকে প্রত্যাহার করে রাতেই সেখানে নতুন পুলিশ সদস্য নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৬২৬ ঘ.
bdnews24