রংপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের দমদমা এলাকায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
রোববার সকালে এ দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে তিন ঘণ্টা রংপুর ঢাকা মহাসড়কে সকল যান চলাচল বন্ধ থাকে। বেলা ১২টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয় ।
নিহত স্কুল ছাত্র আমিনুল (১৪) স্থানীয় ধর্মদাস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে স্থানীয় আবুদল ওহায়েদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ৯ টার দিকে রংপুর শহরের দমদমা এলাকায় বগুড়াগামী পাথর বোঝাই একটি ট্রাক আমিনুরকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
৩ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২০ঘ
bdnews24