বাগেরহাট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে ব্যাটারিচালিত তিন চাকার বাহন চলাচল বন্ধের দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের ৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
রোববার ভোর থেকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুরে এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বাগেরহাট আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাসুম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নসিমন, করিমন, ভাড়ায় চলা মটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধভাবে মহাসড়কে চলাচল করোয় বাসযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে।
তিনি বলেন, “সারা দিন কাজ করেও ৫০ টাকার বেশি মজুরি নিয়ে ঘরে ফিরতে পারছেন না বাস শ্রমিকরা। আমরা এসব অবৈধ যান বন্ধের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।”
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন জানান, যোগাযোগ মন্ত্রণালয়সহ প্রশাসনের সাড়া না পেয়ে গত ২৮ জুন খুলনার রূপসা, বাগেরহাটের আটটি মালিক সমিতি ও শ্রমিক সংগঠন যৌথভাবে ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘট ডাকে।
পরে পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, ঝালোকাঠি ও বরিশালের বাস মালিক সমিতিগুলোও এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধর্মঘটে যোগ দেয়।
এদিকে রোববার ধর্মঘট শুরুর পর বাগেরহাট বাস টার্মিনাল, বাগেরহাটের মোল্লাহাট ও খুলনার রূপসায় বিআরটিসির বিভিন্ন ডিপো থেকে ছেড়ে আসা চারটি যাত্রীবাহী বাস আটকে চালক ও তার সহকারীদের মারধর করেছে ধর্মঘটীরা।
এ সময় বিআরটিসির বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং কয়েকটি বাসকে ফিরে যেতে বাধ্য করা হয়।
বাগেরহাট বাস টার্মিনালে বিআরটিসির বরিশালগামী বাস থেকে নামিয়ে দেওয়া যাত্রী সুলতান আহমেদ বলেন, “এখন বরিশাল বা খুলনায় কোথাও ফিরতে পারছি না।”
বিআরটিসি খুলনা ডিপোর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. জামিল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাগেরহাট ও খুলনার রূপসায় বিআরটিসির চারটি যাত্রিবাহী বাস আটকে দেওয়া হয়েছে।
এ সময় বাসের চালক ও সহকারীদের মারধর করা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
বিআরটিসির কয়েকটি বাস আটকানোর কথা স্বীকার করে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মনির হোসেন জানান, বিআরটিসি পরিচালনাকারীরা এই আন্দোলনের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু রোববার ধর্মঘটের সময় তারা বিভিন্ন ডিপো থেকে গাড়ি ছেড়ে দেন। তাই বিআরটিসির গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে।
বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, পুলিশ সড়ক থেকে অবৈধ যানবাহন সরিয়ে দিতে কাজ করছেন। তবে খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলায়ও এই ধর্মঘট চলায় এককভাবে এর সমাধান করা সম্ভব না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৪২৪ ঘ.
bdnews24