২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিক্ষিকাকে উত্যক্ত করলো ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে এক শিক্ষিকা ও এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে এক শিক্ষিকা ও এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান ঘটনার শিকার ওই শিক্ষিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকালে টুকিটাকি চত্বর দিয়ে আমি ও সংস্কৃতি বিভাগের এক ছাত্রী হেটে যাচ্ছিলাম। এ সময় পাশের একটি চা স্টলের বেঞ্চে বসে আড্ডা দেওয়া তিন জন ছাত্র আমাদের দেখে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছিল।” “আমি এর প্রতিবাদ করলে ওদের মধ্যে তাকিম নামের এক ছেলে এসে আমাকে বলে, আমাকে কেউ কিছু করতে পারবে না। আপনিও কিছু করতে পারবেন না।” “পরে খোঁজ নিয়ে জেনেছি ওরা ছিলো ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিম, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নুর জাহিদ সরকার লিয়ন ও সহ-সম্পাদক ফয়সাল রুনু,” বলেন তিনি। তিনি বলেন, “যারা ঘটনাটি ঘটিয়েছে তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এ বিষয়ে প্রয়োজনে লিখিত অভিযোগ দিব।” ছাত্রলীগ নেতা তাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা প্রথমে তাকে চিনতে পারিনি। ভুলক্রমে ঘটনাটি ঘটেছে।” এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা অধ্যাপক তানজিমা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগ নেতারা ওই শিক্ষিকাকে উত্যক্ত করেছে বলে আমি মৌখিকভাবে শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলেই আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবো।” এ বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে ছাত্রলীগ নেতাদের এ ধরনের অপ্রত্যাশিত কর্মকাণ্ড খুবই দুঃখজনক। ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে এর উপযুক্ত বিচার করা হবে।” বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মুহম্মদ জাকারিয়া বলেন, “এ বিষয়ে এখনো আমার কাছে কোনো অভিযোগ আসেনি। এ বিষয়ে আমি কোনো কিছু জানি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২৩৭ ঘ.