বরিশাল, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালক হত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে বরিশাল ও ফরিদপুরের পরিবহন শ্রমিকরা ৩ জুলাই থেকে ধর্মঘটের ডাক দিয়েছে।
শনিবার বেলা ১১টায় বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলা আঞ্চলিক কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা চালক বদর আলী বেগ ও আব্দুর রশিদের হত্যাকারীদের বিচার, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় করা মামলা ৩০২ ধারার পরিবর্তে ৩০৪ (বি) ধারায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তৃতা করেন পরিবহন শ্রমিক ইউনিয়ন বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. সবুর খান সবুজ ও সাধারণ সম্পাদক ঈমান আলী শরীফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮৩৭ ঘ.
bdnews24