২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি

বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে একটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে একটি কংক্রিটের গার্ডার ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ফ্লাইওভারের প্রকল্প পরিচালক ও সিডিএর জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলী এ এম হাবীবুর রহমান জানান, শুক্রবার বিকালে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিতে হাবীবুর ছাড়াও আছেন সিডিএর আবাসিক প্রকৌশলী শফিকুল ইসলাম। পরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে একজন বিশেষজ্ঞকে কমিটির সদস্য করা হয়। কমিটিকে প্রথমে ২৪ ঘন্টার মধ্যে ভেঙে পড়ার কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দিতে বলা হলেও পরে সময় বাড়িয়ে তিন দিন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাবীবুর। তিনি বলেন, “আমরা বহদ্দারহাটে ভেঙে পড়া স্থান পরিদর্শন করে কী কারণে তা ভেঙে পড়েছে তা নির্ণয় করব।” শুক্রবার দুপুরে জুমার নামাজ চলার সময় নগরীর চান্দগাঁও নতুন থানার অদূরে বহদ্দারহাটে ১৩০ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের গার্ডারটি ভেঙে পড়ে। এ সময় এক রিকশা চালক আহত হন। শুক্রবার বিকাল সোয়া পাঁচটা পর্যন্ত সিডিএর কোনো কর্মকর্তা ঘটনাস্থলে যান নি। বহদ্দারহাট বাস টার্মিনালের সাথে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজারের সাথে সংযোগ রক্ষাকারী সড়কে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালের ২ জানুয়ারি বহদ্দারহাট ফ্লাইওভারসহ নগরীর ৫টি ফ্লাইওভারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। চউকের তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে বহদ্দারহাট ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। সিডিএর নিজস্ব অর্থায়নে ১০৬ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ৩৩ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারটি তৈরি করা হচ্ছে। ঢাকার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান পারিশা এন্টারপ্রাইজ ও মীর আক্তার এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই নির্মাণ কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৭৩৪ ঘ.