২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

ফেনীর সোনাগাজীতে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই সন্দেহভাজন ডাকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ফেনী, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজীতে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই সন্দেহভাজন ডাকাত। সোনাগাজী থানার ওসি মো. নবির হোসেন জানান, শুক্রবার ভোরে উপজেলার চরসাহাভিখারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আজাদ (২৬)। এছাড়া নূর আলম ও সেলিম নামের আরো দুজন আহত হয়েছেন। তাদের সবার বাড়ি চরসাহাভিখারী গ্রামে। ওসি জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ৮/৯ জন ডাকাত চরসাহাভিখারী গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে হানা দেয়। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই তিনজন জনতার হাতে ধরা পড়ে। গ্রামবাসীর পিটুনিতে আজাদ ঘটনাস্থলেই মারা যায়। নূর আলম ও সেলিমকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়। ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত নূর আলমকে চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেলিম সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৬৩০ ঘ.