২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার উপদেষ্টা কবলিত’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ‘উপদেষ্টা কবলিত’ সরকার বলে আখ্যা দিয়েছেন তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ‘উপদেষ্টা কবলিত’ সরকার বলে আখ্যা দিয়েছেন তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ। এ সময় প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টার কর্মকাণ্ডের কঠোর সমালোচনাও করেন এ অর্থনীতিবীদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে আনু মুহাম্মদ বলেন, “এ সরকার উপদেষ্টা কবলিত সরকার। যেমন বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক ই এলাহীর প্রধান কাজ হলো দেশের প্রাকৃতিক সম্পদ বিদেশি মুনাফাখোরদের হাতে তুলে দেওয়া। অর্থ উপদেষ্টা মশিউর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভীর দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে বিদেশি রাষ্ট্রের দেওয়া বিভিন্ন মুলা ঝুলিয়ে রাখা।” “প্রথম মুলা হচ্ছে এক বিলিয়ন ডলারের ঋণ, এ ঋণ দিয়েই আমরা ভারতের জন্য ট্রানজিটের জন্য রাস্তা, রেললাইন বানাবো আবার তার সুদও আমরা দেবো। অন্যদিকে অনেক দিন থেকে দেশের জনগণের সামনে মুলা ঝুলিয়ে বলা হচ্ছে ভারত থেকে দুইশত পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। কিন্তু বাস্তবচিত্র হলো সীমান্তের ওপারে এ সংক্রান্ত কোনো কাজ শুরুই হয়নি”, যোগ করেন তিনি। সম্প্রতি ভারতীয় প্রতিষ্ঠান সাহারা গ্র“পের বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, “দেশের রিয়েল এস্টেট কোম্পানিগুলোর কারণেই যেখানে কৃষিজমি, খাল-বিল উধাও হয়ে যাচ্ছে সেখানে ভারতীয় এ কোম্পানি যখন কাজ শুরু করবে তখন কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়।” ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে ভারতের পণ্য আমদানিতে বাঁধা না দেয়া হলেও ভারতে বাংলাদেশের পণ্য প্রবেশে শুল্ক-অশুল্ক বিভিন্ন পন্থায় বাঁধা সৃষ্টি করা হয়।” এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতু সাহারা গ্র“পের ‘উপশহর’ তৈরির পরিকল্পনার সমালোচনা করে বলেন, “সাহারা গ্র“পের বিনিয়োগ নিয়ে জনমত কী, এটাই যাচাই করা হয়নি।” গণসংহতি আন্দোলন আয়োজিত ‘সাহারার বিনিয়োগ প্রস্তাব, ভারতীয় অর্থনীতির পুঁজির শৃঙ্খল, বাংলাদেশের অর্থনীতি কোন পথে’ শীর্ষক এ আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন আবুল হাসান রুবেল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পিয়াস করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এসইউ/১৭১২ ঘ.