ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে খিলগাঁওয়ে বাসে আগুন দিয়ে বাস চালককে হত্যার মামলায় বিএনপির নয় নেতার জামিনের আবেদন নাকচ করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
এরা হলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আ. মতিন, বিএনপি নেতা বাদল হোসেন, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের সভাপতি কামাল আনোয়ার ও এস এম জিলানী।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন না পেয়ে মহানগর দায়রা জজ আদালতে তারা জামিনের আবেদন করেছিলেন।
বিএনপি নেতা ইলিয়াস আলীর ‘খোঁজ’ চেয়ে গত ২২ এপ্রিল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন রাতে রাজধানীর খিলগাঁওয়ে খিদমাহ হাসপাতালের সামনে রাখা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। এ সময় বাসে ঘুমিয়ে থাকা অবস্থায় চালক বদরউদ্দিন পুড়ে মারা যায়। আহত হয় তার সহকারী।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯১১ ঘ.
bdnews24