ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে আকস্মিক বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার রাজধানীতে বন্যার আশংকা করছে সরকার।
সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ঢাকার জন্যও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৃহস্পতিবার এক জরুরি সভায় এ নির্দেশ দেন। চট্টগ্রাম ও সিলেট এলাকার বন্যা পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকার জন্য আগাম সতর্কতার ইঙ্গিত দিয়ে নানক বলেন, “এ অবস্থায় ঢাকাকেও ঝুঁকিমুক্ত মনে করা যাচ্ছে না। তাই ঢাকার জন্যও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সভায় নানক জানান, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানসহ বন্যা কবলিত এলাকাগুলোতে কর্মরত ওয়াসার কর্মীসহ স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট সব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
এ প্রেক্ষাপটে ঢাকা মহানগরীতে সম্ভাব্য জলাবদ্ধতা এড়াতে জরুরি ভিত্তিতে পানি অপসারণের জন্য ওয়াসাসহ সংশ্লিষ্ট সব পাম্প চালককে ঢাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের পাম্পেই থাকতে বলা হয়েছে।
সভায় আরো জানানো হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গেই এসব এলাকার ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাসহ নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সভায় ঢাকা ওয়াসা ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) তাদের আগাম প্রস্তুতির কথা অবহিত করে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বন্যা কবলিত এলাকার দুর্গতদের জন্য ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে বলেও সভায় জানানো হয়।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসনিম এ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেট এলাকায় অতিবর্ষণ, পাহাড়ী ঢল, পাহাড় ধস ও বজ্রপাতের ঘটনায় নিহতের সংখ্যা ১১০ জনে পৌঁছেছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রামে ৩১ জন, কক্সবাজারে ৪১ জন, বান্দরবানে ৩৬ জন এবং সিলেটে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
গত কয়েকদিনের পর মঙ্গলবার দিনভর বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়। অন্যদিকে পাহাড়ি ঢলে প্লাবিত হয় সিলেটের বিস্তীর্ণ এলাকা।
প্রবল বর্ষণে কক্সবাজারের মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজারের সাতটি উপজেলার ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ২১টি ইউনিয়নকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়নের মানুষ পাহাড়ী ঢল, অতিবৃষ্টি ও সাগরের লোনা জলে ভাসছে।”
এর মধ্যে ২১টি ইউনিয়নকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১৮ ঘ.
bdnews24