ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য শক্তির বিকাশ ও ব্যবহার বাড়াতে সরকারের কাছে কিছু সুপারিশ তুলে ধরেছে পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
বুধবার কাকরাইলে আইডিইবি ভবনে ‘বাংলাদেশের টেকসই জ্বালানি পরিকল্পনা : নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সুপারিশমালা পেশ করা হয়।
আইডিইবির স্টাডি অ্যান্ড রিসার্চ সেলের সদস্য গবেষক ইঞ্জিনিয়ার এম এ গোফরান সভায় প্রবন্ধ উপস্থাপন এবং সুপারিশমালা তুলে ধরেন।
সুপারিশমালার মধ্যে রয়েছে- দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির বিকাশ ও বিস্তারে একটি ‘নবায়নযোগ্য শক্তি রোডম্যাপ’ প্রণয়ন, রোডম্যাপ ও জাতীয় নবায়নযোগ্য শক্তি নীতিমালা বাস্তবায়নে পৃথক সংস্থা গঠন।
এছাড়া বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা খুঁজে বের করতে জরিপ পরিচালনা, জ্বালানি খাতে বাজেটে বরাদ্দের ন্যূনতম ১০ শতাংশ নবায়নযোগ্য শক্তির প্রসারে ব্যয়, গবেষণা ও উদ্ভাবনে গবেষকদের উৎসাহিত করা।
প্রবন্ধে গোফরান বলেন, তেলনির্ভর কুইক রেণ্টালের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেলেও সামষ্টিক অর্থনীতিতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। তাই কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনসহ সৌর, বায়ুশক্তি, বায়োগ্যাস, হাইড্রো, জিওথার্মাল, সাগর ঢেউ ও তরঙ্গ ইত্যাদি বিকল্প জ্বালানি ভিত্তিক বিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।
সভায় ইনস্টিটিউশনের সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২৩০৭ ঘ.
bdnews24