চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে চট্টগ্রাম মহানগরী ও জেলার ছয়টি স্থানে পাহাড় ধসে মারা গেছে শিশুসহ ২২ জন। এছাড়া দেয়ালচাপা পড়ে মৃত্যু হয়েছে দুটি শিশুর।
প্রবল বর্ষণের মধ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর খুলশী থানার বিশ্বকলোনি, আকবর শাহ মাজার সংলগ্ন ইয়াসিন কলোনি, মক্কীঘোনার দুটি স্থানে, সীতাকুণ্ডের ছলিমপুরে এবং বাঁশখালীতে পাহাড় ধস হয়।
বুধবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বকলোনিতে পাঁচটি, ইয়াসিন কলোনিতে ছয়টি, মক্কীঘোনায় ছয়টি, সীতাকুণ্ডের ছলিমপুরে দুটি এবং বাঁশখালীতে তিনটি লাশ উদ্ধার করা হয়।
দেয়াল ধসের ঘটনা দুটি ঘটে নগরীর আমবাগান ও হাটহাজারীর চিকনদণ্ডী এলাকায়।
এছাড়া নগরীতে তিনটি স্থানে তড়িতাহত হয়ে মারা গেছেন চারজন। সাতকানিয়ায় বজ্রপাতে মারা গেছেন দুজন।
ইয়াসিন কলোনিতে পাহাড় ধস
খুলশী থানার আকবর শাহ মাজার সংলগ্ন রেলওয়ের মালিকানাধীন কবরস্থান পাহাড় ধসে ইয়াসিন কলোনির ২০ থেকে ২৫টি ঘর চাপা পড়ে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ছয়জনের লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন বাহিনীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।
এখানে নিহতরা হলেন- শানু আক্তার (১৮), সাবিনা (২২), তার মেয়ে আশামনি (১) ও ছেলে সজীব (৩), উর্মি (৩) ও হুসনা বানু (২৮)।
সন্ধ্যা ৬টার দিকে সাবিনা ও তার দুই ছেলে-মেয়ের লাশ উদ্ধার করা হয়।
অগ্নি নির্বাপণ বাহিনী, রেড ক্রিসেন্ট সদস্য ও সেনা সদস্যরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এখানে আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রহিমা আক্তার (২৩), আসগর আলী (৫২), মোজাম্মেল হক (৫০) ও মনির (৫)।
বিশ্বকলোনিতে পাহাড় ধস
খুলশী থানার বিশ্বকলোনি সংলগ্ন হাবড়াতলীতে মারা যান এক পরিবারের পাঁচজন। বুধবার প্রথম প্রহরে মাটি চাপা অবস্থা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আজাহার আলী (৭২), রমজান আলী (২৮), রাফিয়া আক্তার (৫৫), কুলসুম (৯) ও মাসুদ (২)।
মক্কী ঘোনায় পাহাড় ধস
নগরীর বায়েজিদ থানার মক্কীঘোনার দুটি স্থানে পাহাড় চাপা পড়া অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে ছয় জনের লাশ।
বায়েজিদ ফায়ার স্টেশনের কর্মকর্তা জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে একটি পাহাড়ের পাদদেশ থেকে দুজন এবং তার পাশেই অন্য একটি পাহাড় চাপায় চার জনের লাশ বুধবার দুপুর ১টায় উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আবুল কালামের দুই মেয়ে কুলসুম (৭) ও ফাতেমা (৮), রাজিয়া (১৫), ঝানু বেগম (৩৫), সুবর্ণা বেগম (১৮) ও তাসনীম (৬)।
এছাড়া দুটি স্থানে থেকে জীবিত উদ্ধার করা দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জানে আলম। তারা হলেন মোছাম্মৎ কাজল আক্তার (২৮) ও রেহানা আক্তার (২২)।
সীতাকুণ্ডে পাহাড় ধস
মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে পাহাড় ধসে মারা যায় এক ব্যক্তি ও তার ছেলে। তারা হলেন- শামসুল আলম (৪০) ও মোহাম্মদ ইয়াসিন ফরহাদ (৬)। তারা কুমিল্লার তিতাস থানার জারিকান্দি গ্রামের বাসিন্দা।
সীতাকুণ্ড থানা পুলিশ বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করে।
বাঁশখালীতে পাহাড় ধস
বাঁশখালী উপজেলার জঙ্গল শীলকূপ এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে পাহাড় ধসে মারা যান তিন ভাইবোন। তারা হলেন- শহীদুল (১২), খোরশেদা (৮) ও ফাতেমা (৪)। এরা শীলকূপ এলাকার মিনহাজুর রহমানের সন্তান।
দেয়াল ধসে নিহত ২
নগরীর আমবাগান এলাকায় দেয়াল ধসে মঙ্গলবার বিকালে মারা যায় আবুল হোসেন (৮) নামে এক শিশু।
এছাড়া হাটহাজারীর চিকনদণ্ডী এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী অ্যানি (১৫) দেয়াল চাপা পড়ে মারা যায় মঙ্গলবার সন্ধ্যায়।
তড়িতাহত হয়ে চারজনের মৃত্যু
মঙ্গলবার প্রবল বর্ষণের মধ্যে নগরীর বন্দর থানার আকমল আলী রোডে তড়িতাহত হয়ে দুজন এবং একই থানার মধ্যম হালিশহর মাইলের মাথায় অন্যজনের মৃত্যু হয়েছে।
এছাড়া নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাসায় তড়িতাহত হয়ে মারা যায় নুরুল ইসলাম নামে এক যুবক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৩৩ ঘ.
bdnews24