২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লীকবির আসমানী ঢাকার হাসপাতালে

পল্লীকবি জসীম উদদীনের ‘আসমানী’ কবিতার চরিত্র আসমানী বেগমকে (৯৭) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ফরিদপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লীকবি জসীম উদদীনের ‘আসমানী’ কবিতার চরিত্র আসমানী বেগমকে (৯৭) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসমানীর অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকাল ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসমানীর মস্তিস্কে রক্তক্ষরণ বন্ধ ও জমাট রক্ত বের করতে উন্নত চিকিৎসা প্রয়োজন। এছাড়া আসমানীর শারীরিক অবস্থা এমন যে তাকে আইসিইউতে রাখা প্রয়োজন, যা আমাদের এখানে নেই।” এই কারণে মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে ডা. শফিক জানান। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, আসমানীর উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আসমানী চিকিৎসা তহবিল থেকে ২০ হাজার টাকা তার পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা প্রশাসন আরো সহযোগিতা করবে। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত পল্লীকবির এই আসমানী গত শনিবার ফরিদপুর সদরের রসুলপুর গ্রামের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরদিন সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৩ ঘ.