২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ

শরীয়তপুরের ভেদরগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

শরীয়তপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জে আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ২৪ জুন ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বুধবার সকালে ওই সংঘর্ষ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শরীয়তপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমিটিতে বিএনপি সমর্থকদের নাম থাকার অভিযোগের মুখে মঙ্গলবার রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ ছৈয়ালের সমর্থকরা ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর মোল্যার সমর্থক লাল মিয়া সরদারের বাড়িতে হামলা চালায়। বুধবার সকালে আলতাফ ছৈয়ালের সমর্থকরা মোল্যার হাট বাজারে হুমায়ুন কবীর মোল্যার সমর্থকদের ওপর পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ বিষয়ে হুমায়ুন কবীর মোল্যা বলেন, বুধবার সকালে মোল্যার বাজার থেকে ভেদরগঞ্জ নিজস্ব ক্লাবে আসার সময় আলতাফ ছৈয়ালের সমর্থকরা অতর্কিত হামলা করে। তারা ক্লাবে হামলা চালিয়ে বঙ্গবন্ধুর ছবিও ভাঙচুর করেছে। অবশ্য আলতাফ হোসেন ছৈয়াল দাবি করেছেন, চরকুমারিয়া ইউনিয়নের ওর্য়াড কমিটি করাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় তার লোকজনদের ওপর আক্রমণ করা হয়েছে। “বুধবার সকালে আমার সর্মথকরা মোল্যার বাজারে গেলে তাদেরকে বাজারে উঠতে দেয়নি। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।” সখিপুর থানার ওসি ধীরেন্দ্র নাথ মহাপাত্র বলেন, হুমায়ন কবীর মোল্যা ও আলতাফ ছৈয়ালের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। তারা জানতে পেরেছেন কমিটি গঠন করাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৭৫১ ঘ.