গাজীপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় পোশাক কারখানার এক কর্মকর্তার নিহত হওয়ার জের ধরে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা।
শাহীন আলম শেখ (৩২) নামে ওই কর্মকর্তা নাটোরের নলডঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের ইউছুব আলী শেখের ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেডের এপিএম ছিলেন।
বুধবার সকালে কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসচাপায় ওই কর্মকর্তার নিহত হওয়ার খবর পেয়ে শ্রমিকরা ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবারোধ ও বাস ভাঙচুর করে।
পরে বুধবারের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, সকাল সাড়ে ৮ টার দিকে সাভার থেকে মটরসাইকেল যোগে কারখানায় যাওয়ার পথে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস শাহীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা কাজ বন্ধ রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এসময় শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ ও ১০-১২টি গাড়ি ভাঙচুর করে।
বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয় বলেও জানান ওমর ফারুক।
কারখানার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, কারখানার কর্মকর্তার মৃত্যু এবং শ্রমিকদের শান্ত রাখতে কারখানা একদিনের জন্য ছুটি ঘোষনা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭২৬ ঘ.
bdnews24