২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট শহর প্লাবিত, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীর অন্তত ১৫টি এলাকা প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পানিবন্দি মানুষজন। দুর্গতদের জন্য খোলা হয়েছে সাতটি আশ্রয়কেন্দ্র। আরো তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

সিলেট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি উপচে সিলেট নগরীর অন্তত ১৫টি এলাকা প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পানিবন্দি মানুষজন। দুর্গতদের জন্য খোলা হয়েছে সাতটি আশ্রয়কেন্দ্র। সরেজমিনে গিয়ে দেখা দেখা গেছে, নগরীর উপশহর, তেররতন, মেন্দিবাগ, সোবহানীঘাট, চালিবন্দর, ছড়ারপাড়, যতরপুর, মাছিমপুর, কুশিঘাট, ঘাসিটুলা, কলাপাড়া, নবাবরোড এলাকার কোথাও কোথাও কোমরসমান পানি জমেছে। বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় বন্দি অবস্থায় রয়েছেন এসব এলাকার মানুষজন। এ ছাড়া শহরের তেররতন, মেন্দিবাগ এলাকার সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্লাবিত বিভিন্ন এলাকা সকাল থেকে বিকেল পর্যন্ত পরিদর্শন করেন সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিল্লালসহ সহ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা তার সঙ্গে ছিলেন। এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিকভাবে সিলেট সিটি কর্পোরেশনে সাতটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে দুর্গতদের। ০৮২১-৭১৮১৩২- এই নম্বরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে। এরই মধ্যে এসব আশ্রয় কেন্দ্রে দুই সহস্রাধিক দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে। আশ্রয়কেন্দ্র গুলো হলো- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল হামিদ প্রাথমিক বিদ্যালয়, মেন্দিবাগ অগ্রসর যুবসংঘের কার্যালয়, ওমরশাহ তেররতন প্রাথমিক বিদ্যালয়, ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জামেয়া ইসলামিয়া মিরাবাজার। সিলেটে এই প্লাবনের বিষয়ে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সুরমানদী উপচে নগরীতে পানি ঢুকে পড়েছে।” এখন বৃষ্টির মাত্রা কম থাকলেও আরো বৃষ্টি হতে পারে বলে জানান তিনি। শৈলেন চন্দ্রের মতে, দুই-তিন দিন বৃষ্টি না হলে নগরীর পানি নেমে যাবে। উপ-সহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাস জানান, সুরমা নদীর পানি সিলেট কিন ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এএল/১৯৫১ ঘ.