ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশাখী টিভি ও দৈনিক ডেসটিনি ছাড়া ডেসটিনি ২০০০ এর সব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও উপ-মহাব্যবস্থাপক মো. ইস্কান্দার মিয়াকে এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
একটি রিট আবেদনের পর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি একেএম সাহিদুল হকের অকাশকালীন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমিন সকালে এই রিট আবেদন করেন। ডেসটিনি গ্রুপের সর্বমোট ৩৭টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে বলে তার আবেদনে উল্লেখ করা হয়।
শুনানিতে ডেসটিনির পক্ষে ছিলেন অ্যাডভোকেট শ ম রেজউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আব্দুস সালাম মণ্ডল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এসএম আসাদ উল্লাহ তারিক।
রেজউল করিম সাংবাদিকদের বলেন, “আইনে বলা আছে, কোনো অপরাধ সংঘটনের মাধ্যমে কোনো অর্থ বা সম্পত্তি কোনো হিসাবে জমা হয়েছে এমন সন্দেহ করার কারণ থাকলে অনধিক ৩০ দিনের জন্য ওই হিসাবের লেনদেন স্থগিত বা অবরুদ্ধ রাখা যাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আদেশে ‘অপরাধ সংগঠনের মাধ্যমে অর্থ সম্পত্তি অর্জন করেছেন’ বলে একটি শব্দও নেই। তাই এই আদেশ অবৈধ।”
আব্দুস সালাম মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেসটিনি গ্রুপের এই রিটে রুলের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের আদেশ স্থগিত করার আর্জিও ছিল। তবে আদালত শুধু রুল জারি করেছে।”
ডেসটিনির আইনজীবী রেজাউল করিম জানান, গত ২৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. ইস্কান্দার মিয়া এক চিঠিতে বৈশাখী টিভি এবং দৈনিক ডেসটিনি ছাড়া এ গ্রুপের সব প্রতিষ্ঠানের পরিচালকদ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেয়।
এরপর ১৮ জুন আরেক আদেশে স্থগিতাদেশের মেয়াদ আরো ৩০ দিন বাড়ানো হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীকে এই আদেশের কপি পাঠানো হয়।
একই বিষয়ে ডেসটিনি গ্রুপ এর আগে আরেকটি রিট করেছিল। কিন্তু ২১ জুন তা ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৬১০ ঘ.
bdnews24