ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যাটেলাইট টেলিভিশনের সুবিধা সবার কাছে পৌঁছে যাওয়ায় এবং সিনেমা হল মালিকরা বেশি লাভের ব্যবসায় ঝোঁকায় দেশে নিবন্ধিত সিনেমা হলগুলোর দুই তৃতীয়াংশই বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে একেএম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে লাইসেন্সপ্রাপ্ত ১২ শ’ সিনেমা হলের মধ্যে ৭৫০টিই বন্ধ হয়ে গেছে।
“সিনেমা হল মালিকরা কম মুনাফার এ ব্যবসা ছেড়ে অন্য লাভজনক ব্যবসায় ঝুঁকছেন। তারা সিনেমা হল ভেঙে এখন বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন”, বলেন তিনি।
সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে স্যাটেলাইট টেলিভিশনের সুবিধা সহজলভ্য হওয়াকেও একটি কারণ হিসাবে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, “উন্মুক্ত আকাশ সংস্কৃতির বিস্তৃতির কারণে টেলিভিশনে বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। দশর্করা এখন সিনেমা হল বিমুখ। এসব কারণেই সিনেমা হল বন্ধ হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৫৪৫ ঘ.
bdnews24