নেত্রকোনার, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে দুই ভাই নিহত এবং আরো দুইজন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলার কিসমত বারেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হচ্ছেন- কিসমত বারেঙ্গা গ্রামের মাফিজ উদ্দিন ম-লের দুই ছেলে আনোয়ার হোসেন (১৫) ও উসমান গনি (১২)। আনোয়ার উপজেলার নারান্দিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র এবং উসমান ভুগিদেওয়ানী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
নিহতদের বাবা মাফিজের উদ্ধৃতি দিয়ে পূর্বধলা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ার ও উসমান তাদের বাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় তারা।
তিনি জানান, এ দুর্ঘটনায় ওই গ্রামের নিপা আক্তার (১৫) ও শান্ত (৮) আহত হন। নিপাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএইচপি/১৩৩৫ঘ.
bdnews24