২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৪

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের সময় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 05:43 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

গাজীপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের সময় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জয়দেবপুর থানার ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। এরা হচ্ছেন- বরিশালের মুলাদী থানার চিটিরচর এলাকার আবুল হোসেনের ছেলে মুরাদ হোসেন (৩২), একই থানার সবিপুর কাজীবাড়ী এলাকার আব্দুল জব্বার ব্যাপারীর ছেলে মিন্টু (৩৫), মাদারীপুরের মোস্তফাপুর এলাকার আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে ইমন (২৮) ও পাঁচখোলা এলাকার বারেক মিয়ার ছেলে সাব্বির হোসেন (৩২)। ছিনতাইয়ের শিকার গ্রামীণ ব্যাংক বাসন শাখার কর্মকর্তা উত্তম কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকার ডাচ বাংলা ব্যাংক থেকে ১৭ লাখ টাকা তুলে রিকশা করে শাখায় ফিরছিলেন তিনি। এসময় তার সঙ্গে শাখা ব্যবস্থাপক সানোয়ার হোসেনও ছিলেন। স্থানীয় ট্রাকস্ট্র্যান্ড এলাকায় একটি মাইক্রোবাস তাদের রিকশার গতি রোধ করে। মাইক্রোবাস থেকে কয়েক যুবক নেমে নিজেদের গোয়েন্দা পুলিশ ও র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তাদেরকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় এবং ১৭ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাংক কর্মকর্তা জানান, এসময় তারা ছিনতাইকারী বলে চিৎকার দেন। এলাকাবাসী ঘটনাটি তাৎক্ষণিক নাওজোর হাইওয়ে পুলিশ ও জয়দেবপুর থানাকে জানায়। মাইক্রোবাসে ওঠানোর পর ছিনতাইকারীরা ব্যাংক কর্মকর্তাদের বেধরক মারধর করে এবং রাজেন্দ্রপুর এলাকার দিকে নিয়ে যায় বলে জানান ব্যাংক কর্মকর্তা উত্তম। একপর্যায়ে ছিনাতকারীরা সামনে পুলিশ দেখে গাড়ি ঘুরিয়ে আবার চান্দনা চৌরাস্তা এলাকার দিকে দ্রুত পালাতে থাকে। গাড়িটির গতি সন্দেহজনক হলে পুলিশ তাদের পিছু নেয় বলে জানান জয়দেবপুর থানার ওসি কামরুজ্জামান। পরে তারা ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলীপাড়া এলাকায় মাইক্রোবাস থেকে নেমে পালানোর সময় এলাকাবাসী ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দেয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ওসি জানান, পরে তাদের কাছ থেকে ১৭ লাখ টাকা, ৩ সেট হাতকড়া উদ্ধার করা হয়। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, আহত ব্যাংক কর্মকর্তাদের গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বিকালে গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন তার কার্যালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৩৯ ঘ.