চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টিপাতের কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
ভাটিয়ারি ও কুমিরার মধ্যবর্তী এলাকায় একটি সেতুর একটি অংশ ভেঙে পড়ায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রেলওয়ের যুগ্মপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান।
তিনি বলেন, প্রবল বর্ষণের কারণে নেভি কলোনি গেইট সংলগ্ন ওই রেলসেতুর ওপর দিয়ে পানি বইছে।
মঙ্গলবার ভোর থেকে চট্টগ্রামে অবিরাম বর্ষণ হচ্ছে। এতে বন্দরনগরীর দুই-তৃতীয়াংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
রেলওয়ের (পূর্বাঞ্চল) পরিচালক প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি টিম সেখানে পাঠানো হয়েছে।”
কথন নাগাদ রেল যোগাযোগ পুনঃস্থাপন করা যাবে- জানতে চাইলে তিনি বলেন, “ওই টিম পৌঁছার পর অবস্থা জানালে কিছু বলা যাবে।”
বর্ষণের কারণে শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে পানি জমে যাওয়ায় বিকাল সাড়ে ৪টা থেকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিবর্ষণের কারণে বিমানবন্দরের রানওয়েতে পানি জমে গেছে। রানওয়ের বাতিগুলো অস্পষ্ট হয়ে গেছে।”
এদিকে অতিবর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে বন্দরের বহির্নোঙরে অবস্থান করা ১৩টি জাহাজে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।
বন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ২০টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে তেরটি খাদ্যশস্যবাহী জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। এ ছাড়া বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে সাতটি কন্টেইনারবাহী জাহাজ। মূল জেটিতে আছে আটটি জাহাজ।
গত ছয়দিন ধরেই বৃষ্টির কবলে রয়েছে চট্টগ্রামবাসী। মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বন্দরনগরীতে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কয়েকটি এলাকায় যানবাহন চলচলও বন্ধ হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমসি/এএল/এমআই/২০১৬ ঘ.
bdnews24