২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পানিতে ডুবে মারা গেল ৩ শিশু

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় একসঙ্গে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

গাইবান্ধা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় একসঙ্গে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে ভাইবোনসহ তিন শিশু পানিতে ডুবে মারা যায় বলে জানায় পুলিশ। এরা হল উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের আব্দুল কাহারের মেয়ে কনা খাতুন (৭), কণার ছোট ভাই জোবায়ের হোসেন (৫) এবং তাদের বন্ধু একই গ্রামের রশিদ মিয়ার ছেলে আহসান হাবিব (৬)। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে পরিবারের অজান্তেই জোবায়ের, আহসান ও কনা একসঙ্গে পুকুরে গোসল করতে যায়। এসময় তারা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর কনার মা মুন্নি বেগম পুকুর পাড়ে এসে তাদের জামা-কাপড় দেখতে পান। এতে সন্দেহ হলে তিনি চিৎকার দিয়ে পরিবারের সদস্যদের ডাক দেন। পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা পুকুর থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে বলে জানান ইউপি চেয়ারম্যান। সঙ্গে সঙ্গে তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন বলে জানান পলাশবাড়ী থানার ওসি শাহ আলম। তিনি জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯০৬ ঘ.