ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের সমস্যা সমাধানে সেদেশের যুবরাজকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সৌদি আরব সফর শেষে মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিঙে বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী এ কথা জানান।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ ব্রিফিঙের আয়োজন করা হয়।
গত ২৪ জুন রিয়াদে সৌদি যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক হয়। ওই সময় সেদেশে কর্মরত বাংলাদেশিদের আকামা নিয়ে জটিলতাসহ বিভিন্ন সমস্যা সমাধানে যুবরাজকে তিনি অনুরোধ করেন বলে জানান শমসের মবিন।
তিনি বলেন, “বৈঠকে বাংলাদেশের নেতা হিসেবে খালেদা জিয়া সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের সমস্যা সমাধানে ক্রাউন্স প্রিন্সের প্রতি অনুরোধ জানিয়েছেন। পাশপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির কথাও বলেছেন। সৌদি যুবরাজ এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে সুপারিশ করবেন বলে বিরোধী দলীয় নেতাকে আশ্বস্ত করেছেন।’’
গত ১৫ জুন রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া সৌদি আরব যান। সোমবার দেশে ফেরেন তিনি। সৌদি বাদশার আমন্ত্রণে সেদেশ সফরে যান তিনি।
রিয়াদে বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে খালেদার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
শমসের মবিন জানান, নতুন দায়িত্বভার গ্রহণের পর কোনো বিদেশি অতিথির সঙ্গে যুবরাজ সালমানের এটি প্রথম সাক্ষাৎ। বিরোধী দলীয় নেতা হিসেবে নয় বাংলাদেশের নেতা হিসেবে খালেদা জিয়া সৌদি আরবে কর্মরত লাখ লাখ বাংলাদেশির সমস্যাগুলো তুলে ধরে এর দ্রুত সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি যুবরাজের প্রতি অনুরোধ জানান।
“আমরা আশা করছি, ওই বিষয়ে সৌদি সরকার দ্রুত ব্যবস্থা নেবেন”, যোগ করেন তিনি।
বৈঠকে মুসলিম উম্মার কল্যাণে দুই নেতা একযোগে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।
সাবেক এই পররাষ্ট্র সচিব জানান, সফরকালে খালেদা জিয়া জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ড. একমেলুুদ্দীন এহসান ওগলোর, সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের উপদেষ্টা ও পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার ড. আবদুল্লাহ ওমর নাসিফ ও ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি’র চেয়ারম্যান ড. আহমেদ মোহাম্মদ আলীর সঙ্গে বৈঠক করেন।
তিনি আরও জানান, ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাতের সময় রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে ওআইসিকে ভূমিকা রাখতে বিরোধী দলীয় নেতা আহবান জানিয়েছেন।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওমরাহও পালন করেন।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে বিরোধী দলীয় নেতা দেশের মানুষের কল্যাণে কথা বলেছেন। দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়ন, সৌদি অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিসহ জনশক্তি রপ্তানির বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, দলের তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক শরীফ শাহ কামাল তাজ ও সৌদি আরবে বিরোধী দলীয় নেতার বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৩৩ ঘ.
bdnews24