২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে এক ব্যক্তির যাবজ্জীবন

এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

চাঁদপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুতাহির আলী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। এছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত মো. কামরুজ্জামান কচুয়ার সিদ্দিকুর রহমানের ছেলে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু জানান, ঢাকার প্রিমিয়াম মার্কেটের কাপড় ব্যবসায়ী শাহ আলমের সঙ্গে কচুয়ার কামরুজ্জামানের ব্যবসা সংক্রান্ত লেনদেন ছিল। ২০০২ সালের ২৮ জুন পাওনা আদায়ের জন্য কামরুজ্জামানের বাড়িতে গেলে রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৯ জুন প্রথমে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে ব্যবসায়ী শাহ আলমের ভাই আবু তাহের বাদি হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর কামরুজ্জামানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৮৪৬ ঘ.