চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর জামালখান এলাকা থেকে তোয়ালে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর বারোটার দিকে লাশটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ভানু বিকাশ ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে একটি ভবনের পাশে একটি শপিং ব্যাগের ভেতর নবজাতকের লাশটি সাদা তোয়ালে মোড়ানো অবস্থায় রাখা ছিল।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক দিন বয়সী নবজাতকের লাশটি রাতের কোনো এক সময়ে কেউ রেখে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসইউ/১৪০৫ ঘ.
bdnews24