ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের মানববন্ধনে সংঘটিত ঘটনার জন্য এটিএন বাংলার সাংবাদিকরা কোনোভাবেই দায়ী ছিল না বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন এই টেলিভিশনের কর্মীরা।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘটিত ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বিকালে প্রতিষ্ঠানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এটিএন বাংলার সাংবাদিকরা।
টেলিভিশনটির বার্তা প্রধান জ ই মামুন বলেন, “আমরা আক্রমণ করিনি, আক্রমণের শিকার হয়েছি। না হলে সেখানে লাঠিসোঁটা আসবে কীভাবে? প্রেসক্লাব লাঠি সোটা রাখার স্থান নয়।”
সাগর-রুনির খুনি গ্রেপ্তারের দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের কার্যালয় ঘেরাওয়ের দাবি তোলা হলে এক সাংবাদিকদের ওপর চড়াও হন ওই টেলিভিশনের কর্মীরা। তখন হাতাহাতিও হয়।
নিহত মেহেরুন রুনির সহকর্মী মামুন বলেন, “হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।”
হত্যাকাণ্ডের চার মাসেও তদন্তের কোনো সুরাহা না হওয়ার মধ্যে সম্প্রতি মাহফুজুর রহমান লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, সাগর ও রুনি ‘পরকীয়ার বলি’ হয়েছেন।
তার এই মন্তব্যে সাংবাদিক মহলে নিন্দার ঝড় ওঠে। তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি তখন থেকে তুলে আসছে সাংবাদিকদের সংগঠনগুলো।
দুপুরের ঘটনার পর মানববন্ধন কর্মসূচিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “সাংবাদিকদের ঐক্যে বিভেদ সৃষ্টি জন্য একটি কুচক্রি মহল মানববন্ধনে হামলা করেছে। এভাবে হামলা চালিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।”
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্য অংশের সভাপতি রুহুল আমিন গাজী মানববন্ধনে বলেন, “মাহফুজুর রহমান সাহেব আপনি পার পাবেন না। প্রয়োজনে এটিএন কার্যালয় ঘেরাও করা হবে।”
মামুন সাংবাদিক নেতাদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা ঘটনার ভিডিও ফুটেজ দেখুন। জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিন।”
ঘটনার বর্ণনায় জ ই মামুন জানান, “মানববন্ধন শুরুর আগেই সাংবাদিক নেতা পরিচয়ে একজন মাইকে এটিএন বাংলা সাংবাদিকদের খুনি হিসেবে অভিযুক্ত করে অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে। তবে সাংবাদিক সংগঠনগুলোর শীর্ষ নেতারা আগেই জানান যে, এমন কোনো কর্মসূচি তাদের নেই।”
“একপর্যায়ে আমাদের একজন সহকর্মী ওই ব্যক্তির কাছে এমন আপত্তিকর বক্তব্যের কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত ও মারমুখি হয়ে ওঠেন। এর পর আমি সেখানে গিয়ে ঘটনা জানার চেষ্টা করলে আকষ্মিকভাবে কিছু মারমুখি লোক আমিসহ আমার সহকর্মীদের ওপর হামলা করে,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে হাতাহাতির ঘটনার একটি ভিডিও ফুটেজ দেখানো হলেও তাতে শুধু শেষের অংশটুকুরই বর্ণনা ছিল।
এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, বিভিন্ন টেলিভিশনে যে ভিডিওচিত্র দেখানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে এটিএন বাংলার সাংবাদিকরাই ডিইউজে নেতা জাহাঙ্গীর আলম প্রধানকে ঘিরে ধরেছেন এবং ‘তুই তোকারি’ করছেন। এই ধরনের আচরণ সাংবাদিক সুলভ কিনা?
উত্তরে মামুন ডিইউজে নেতা জাহাঙ্গীরকে ঘিরে ধরার বিষয়টি অস্বীকার করে বলেন , “এটা যেমন ঠিক হয়নি, তেমনি নেতাদের সিদ্ধান্তের বাহিরে কেউ বক্তব্য দেবে, এটাও ঠিক নয়।”
এ সময় ‘সাংবাদিক ইউনিয়নের নাম ভাঙিয়ে’ যারা এটা করছে, তাদের চিহ্নিত করার অনুরোধও জানান তিনি।
জাহাঙ্গীর আলম সম্বর্কে মামুন বলেন, “সাংবাদিক হিসেবে দু-একজন যারা কথা বলছিলেন, তারা আদৌও সাংবাদিক কি না, সেটা একটা প্রশ্ন।”
তিনি (জাহাঙ্গীর) এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছের তখন আপনারা আপত্তি তোলেননি কেন- প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মামুন।
দুপুরের ওই ঘটনায় সাংবাদিকদের চারটি সংগঠন থেকে এটিএন বাংলার আট কর্মীসহ নয় সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
এই বিষয়ে মামুন বলেন, “কোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে প্রথমে তাকে কারণ দর্শাতে হয়। কিন্তু আমরা এখনো সেই ধরনের কোনো চিঠি পাইনি।”
সাংবাদিক নেতারা এটিএন বাংলা কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিলে কী করবেন- প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেটা দিলে তখনই বলব।”
সংবাদ সম্মেলনে এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি নাদিরা কিরণও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এমআই/২০৪২ ঘ.
bdnews24