ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জন নিশ্চিত করতে অর্থায়ন কৌশল নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
রোববার এক সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, সুস্থ জনগোষ্ঠীর লক্ষ্যে একটি টেকসই, সমতাভিত্তিক ও ফলপ্রসু স্বাস্থ্যসেবা অর্থায়ন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এ উদ্যোগ বাস্তবায়ন সহজ নয় বলেও তিনি মত দেন।
আ ফ ম রুহুল হক বলেন, “রুগ্ন স্বাস্থ্যের জন্য সমাধান খুঁজে বের করাটা একটি সমস্যা। উন্নত ও উন্নয়নশীল প্রতিটি দেশই এ ক্ষেত্রে সমস্যার মধ্যে আছে।”
আগামী ২০ বছরের মধ্যে এ লক্ষ্য অর্জনে সামাজিক স্বাস্থ্য নিরাপত্তা প্রকল্প ও বাজেটে স্বাস্থ’্য খাতে বর্ধিত বরাদ্দকে অন্যতম অস্ত্র বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।
চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতি সত্বেও স্বাস্থ্য সেবা খাতে মন্ত্রণালয় তেমন ব্যয় করতে না পারার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, “বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কাটছাঁট করা হয়েছে।”
মন্ত্রণালয়ের হেলথ ইকোনোমিক্স বিভাগের যুগ্ম প্রধান মো. আশাদুল ইসলাম জানান, ২০৩২ সালের মধ্যে স্বাস্থ্য খাতে ব্যক্তি পর্যায়ে ব্যয় ৬৪ শতাংশ থেকে কমিয়ে ৩২ শতাংশ করা হবে। আর এ সময়ের মধ্যেই স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার জন্য সবচেয়ে বেশি জোর দেওয়া হবে।
বর্তমানে এ খাতে মোট ব্যয়ের ৬৪ শতাংশই জনগণকে নিজ পকেট থেকে গুণতে হয় বলেও জানান তিনি।
মন্ত্রী আরো জানান, স্বাস্থ্য খাতে প্রাপ্ত বরাদ্দের অব্যাবহৃত অংশের পরিমান ৪ শতাংশ থেকে কমিয়ে ২০৩২ সাল নাগাদ দশমিক ৫ শতাংশে আনা হবে। চলতি বছরের জুলাইয়ের মধ্যেই কৌশল নির্ধারণের কাজ শেষ করার ব্যাপারে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/এএল/১৯১৯ ঘ.
bdnews24